মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিম কার্যক্রমের উদ্বোধন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিম কার্যক্রমের উদ্বোধন

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম (Quick Response Team-QRT) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এইকুইক রেসপন্স টিমের (QRT) মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

 

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণভোট ২০২৬ এ সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ কেন্দ্রিক সারা দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (QRT) কার্যক্রম’ এর সূচনা উপলক্ষ্যে ‘পাশে আছি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।

 

দেশের প্রতিটি গ্রাম ও মহল্লায় এই কার্যক্রম  পৌঁছে দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে আমরা আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একটি নারীকেও অপমান করতে না দেই, একটি শিশুর ওপর নির্যাতন করতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ। এজন্য সরকার ৩০৯.৩৯ কোটি (জিওবি) টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। এ কার্যক্রমের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে। তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরি সেবাসমূহ নিশ্চিত করা হবে।  

 

উপদেষ্টা আরো বলেন, এই মন্ত্রণালয় ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি এবং রিয়াল টাইম মনিটরিং ডেটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।  

 

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে-মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে-মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো; তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গড়তে পারবে। এই দেশকে সুন্দর করতে হলে আমাদের শিশুদেরকে এবং মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে।

 

উপদেষ্টা গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হ্যাঁ-মানে সংস্কার, হ্যাঁ-মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ-মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরে উপদেষ্টা ছোট বড় ছেলে-মেয়েদের নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। 

 

 

সূত্রঃ পিআইডি